
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।
বিবৃতিতে ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার মৌলিক অধিকার ক্ষুণ্ন করবে বলেও সতর্ক করেন তিনি।
জাতিসংঘ মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।









