
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নেবে সরকার। এছাড়া ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটি জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, হাদির হত্যার সাথে যাদের নাম আসবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শনিবার সরকারি আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। হাদির সংগঠন ইনকিলাব মঞ্চও রাত ৯টা ৪৬ মিনিটে তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।









