সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ওসমান হাদির জানাজা হচ্ছে না সিঙ্গাপুরে

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

এর আগে ইনকিলাব মঞ্চ জানায়, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই ঘোষণায় ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

এতে আরও বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের The Angullia Mosque (দ্য আঙ্গুলিয়া মসজিদ)-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মের কাছে তুলে ধরতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।’

হাদির মৃত্যুর খবরে গত রাত সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও শোক জানায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয়ভাবে দোয়া অনুষ্ঠিত হবে এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন