বুধবার ১৭ জুন, ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

রাইজিং স্পোর্টস

RisingCumilla - France opens World Cup with a double win over Senegal with Mbappe
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের/ছবি: এমবাপ্পের ইনস্টাগ্রাম থেকে

প্রথমার্ধে সেনেগালের আক্রমণাত্মক ফুটবলে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয়ার্ধে নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর আক্রমণভাগের শক্তি দেখিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সেনেগাল। দ্রুতগতির আক্রমণে বারবার ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রাখেন সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার। অষ্টম মিনিটে জ্যাকসনের পাস থেকে সুযোগ তৈরি হলেও দারুণ ট্যাকলে বিপদমুক্ত করেন দায়ো উপামেকানো।

প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি ফ্রান্স। বরং ২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল সেনেগাল। এল হাজি মালিক দিয়ুফের পাস থেকে বক্সে ঢুকে নেওয়া নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি আফ্রিকার প্রতিনিধিরা।

গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৬৬তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত থ্রু পাস ধরে রক্ষণভাগ ভেদ করে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় সেনেগাল। এক মিনিট পর নিকোলাস জ্যাকসন বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফ্রান্স।

৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়েন রাবিওর পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে ফ্রান্সকে স্বস্তি এনে দেন তিনি।

তবে শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইলিমান এনদিয়ায়ের পাস থেকে ইব্রাহিম এমবায়ে গোল করে ব্যবধান কমান। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরলেও শেষ হাসি হাসে ফ্রান্সই।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে। তার জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপ মিশন আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করল লে ব্লুরা। অন্যদিকে প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেনেগালকে।

আরও পড়ুন