সোমবার ২২ জুন, ২০২৬

এবার মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা, ভাড়া নিচ্ছে ১০ টাকা!

রাইজিং ডেস্ক

Now after the highway, the ladder business in the train, the rent is 10 taka
ছবি: সংগৃহীত

সম্প্রতি মই বসিয়ে টাকার বিনিময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পথচারীদের ডিভাইডার পার করে দেওয়ায় এক যুবককে আটক করেন পুলিশ। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এবার একই ব্যবসা করতে দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের ছুটিতে ঘরমুখি মানুষকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এবং উঠিয়ে এভাবে টাকা উপার্জন করতে দেখা গেছে বেশ কয়েকজনকে।

জানা গেছে, ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে কয়েকজন নারী-পুরুষ ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করে ব্যবসা করেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো আসলেই মই ব্যবসায়ীরা নেমে পড়েন এ কাজে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাদের ডাকলে সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিতে দেখা গেছে। এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করেছেন তারা।

এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, এই রুটে দৈনিক ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে এখানে দুটি ট্রেনের স্টপেজ নেই। আমাদের স্টেশনে জিআরপি নেই বলে বিষয়টি নিয়ে কিছুই করার থাকে না। আর এ সুযোগ নিয়েছেন মই ব্যবসার সঙ্গে জড়িতরা। তবে যেসব জংশন স্টেশনে জিআরপি রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়।

এ বষয়ে মোশাররফ হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, এবারের ঈদে সবচেয়ে বেশি চোখে পড়েছে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন। কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী ১০ টাকার বিনিময়ে মই দিয়ে ঈদযাত্রীদের ট্রেনে তোলার ‘রমরমা’ ব্যবসা করে নিয়েছেন। একদিকে যেমন হয়েছে মানবতার কল্যাণ ঠিক তেমনিভাবে প্রকাশ পেয়েছে খন্ডকালীন ব্যবসায়ীদের এই অভিনব ক্রিয়েটিভিটি।আগে ট্রেনের ছাদে ওঠা বন্ধ করতে হবে। তাহলে এটা এমনি বন্ধ হয়ে যাবে। আর যদি ট্রেনের ছাদে ওঠা বন্ধ না হয়। তাহলে এটা একধরনের যাত্রী সেবা।

আবু তালহা আনাস লিখেছেন, ভাবতাছি আমিও মই ব্যবসা দিমু, আমের সিজনে আম গাছের নিচে একটা আরএফএল মই নিয়ে বসে থাকবো, যারা চুরি করতে আসবো-তাদের কাছ থেকে পার্সেন্টিজ নিমু।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়া মো. রবিউল নামের এক যুবককে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।

আরও পড়ুন