রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: জ্বালানি উপদেষ্টা

রাইজিং কুমিল্লা ডেস্ক

এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: জ্বালানি উপদেষ্টা/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মত বাঁধাধরা নির্বাচনের মত না। এটি শুধু পাঁচ বছরের জন্য নয়, এই নির্বাচন আমাদের আগামি ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

আজ (শুক্রবার) বেলা ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র- জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা পছন্দমত ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।

উপদেষ্টা বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশে অন্যায়ভাবে গুম, খুন, হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে। তবে সংস্কার না চাইলে ‘না’ ভোটও দিতে পারবেন। এতে বাধ্য বাধ্যকতা নেই।

গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে। এখানে কেউ কাউকে ভোটদানে বাধা দিতে পারবে না।

তিনি আরও জানান, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্ত্বার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা চান উপদেষ্টা ফাওজুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম; বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান; গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল; রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

আরও পড়ুন