শনিবার ৯ মে, ২০২৬

একটি যুদ্ধ শেষ, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ: প্রধানমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - One war is over, now it's a war to fulfill promises-Prime Minister
একটি যুদ্ধ শেষ, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ: প্রধানমন্ত্রী/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন যুদ্ধ।

শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন-এ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানুষকে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো নির্যাতনের পরিবেশ তৈরি হবে না।”

তিনি আরও বলেন, “এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে জনগণের কাছে দেওয়া প্রতিটি কমিটমেন্ট বাস্তবায়ন করা।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের সফলতা অনেকাংশে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতার ওপর নির্ভর করছে। তিনি বলেন, “বিএনপি যদি সহযোগিতা না করে, তাহলে অনেক ক্ষেত্রে সরকার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে না। আপনারা যাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে নিয়ে সরকারের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও সমন্বয় ছাড়া সরকারের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। এজন্য সকল পর্যায়ের নেতাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটিই ছিল প্রথম মতবিনিময় সভা।

আরও পড়ুন