বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ সম্পন্ন

রাইজিং ডেস্ক

উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ সম্পন্ন/প্রতীকি ছবি/সংগৃহীত

সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় দেশবাসী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়। দুপুরের পর বহু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল নজরকাড়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ।

নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি ১ লাখের বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। পুরো দেশকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়।

এবার দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

নারী প্রার্থী ছিলেন ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। তবে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

অন্যদিকে জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়। প্রবাসীরা এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোটদান সম্পন্ন করেন।

৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ভোট জমা দিয়েছেন। ইতোমধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন