
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
বন্দর এলাকার এ অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। বুলবুল আহমেদ ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।







