
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের নাগরিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ শুভেচ্ছা জানান। এদিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান এবং প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, “আপনাদের শুভ নববর্ষ।” একই সঙ্গে তিনি বাংলাদেশের জনপ্রিয় খাবার ইলিশ মাছের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন। তিনি বলেন, “ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে।”
এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।







