
বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর একটি জেলা কমিটি গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়।
কমিটি রাজনৈতিক দলগুলোর নিকট থেকে আওয়ামী সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত বা আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভায় আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে।
পর্যালোচনার পর মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কার্যক্রম এখনও চলমান রয়েছে।










