বুধবার ৪ মার্চ, ২০২৬

আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Cabinet Division
আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত দায়িত্বে পরিবর্তন এনে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের দপ্তর সুনির্দিষ্ট করা হয়েছে।

প্রতিমন্ত্রীদের পুনর্বণ্টিত দপ্তর

মো. শরিফুল আলম আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাবিবুর রশিদ তাকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. রাজিব আহসান তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রী এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমীন আগে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

মো. নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে এখন কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রী এখন থেকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকার প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পুনর্বণ্টন করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান-কে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ-কে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন