
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে হামলা চালায় ঘাতকরা। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের।
একই রাতে ঢাকার অন্যত্র নিহত হন বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতসহ তার পরিবারের কয়েকজন সদস্য এবং বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি। ধানমন্ডির বাসভবনের কাছে নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ও পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানও গুলিতে নিহত হন।
বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান আমলে ছাত্র ও গণআন্দোলনের মধ্য দিয়ে তার রাজনৈতিক উত্থান ঘটে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি হওয়ার পর তার জনপ্রিয়তা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারামুক্ত হওয়ার পর ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেন তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।
দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল এবং এ উপলক্ষে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এবারও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে না।








