
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আপিল গ্রহণের জন্য অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ চালু করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।
অঞ্চলভিত্তিক বুথ ও জেলা তালিকা
১নং বুথ (খুলনা অঞ্চল):
মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২নং বুথ (রাজশাহী অঞ্চল):
জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
৩নং বুথ (রংপুর অঞ্চল):
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল):
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
৫নং বুথ (কুমিল্লা অঞ্চল):
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
৬নং বুথ (সিলেট অঞ্চল):
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
৭নং বুথ (ঢাকা অঞ্চল):
টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল):
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
৯নং বুথ (বরিশাল অঞ্চল):
বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০নং বুথ (ফরিদপুর অঞ্চল):
রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
মনোনয়নপত্র বাছাই শেষ, ফল প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় শেষ হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে—সে তথ্য আজ রাতে প্রকাশ করা হবে।
আপিল দায়েরের নিয়মাবলি
নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করতে হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে—
আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে।
আপিল আবেদনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণসংবলিত বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আপিল আবেদনের ১টি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে।
আবেদন সংশ্লিষ্ট অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
আপিল দাখিলের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আপিল নিষ্পত্তি ও রায়ের কপি সংগ্রহ
আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ ফরম নির্বাচন কমিশনের আপিল গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
আপিল দায়েরকারী অথবা তার পক্ষে মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিল করা সব আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করবে।
আচরণ বিধি অনুসরণে নির্দেশনা
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অবশ্যই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।









