
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের প্রথম জামাত শেষে অনুষ্ঠিত মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়।
শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মোনাজাতের মাধ্যমে প্রথম জামাত শেষ হয় সকাল ৭টা ২৬ মিনিটে।
প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতে অংশ নিতে অপেক্ষা করছিলেন। প্রথম জামাত শেষ হতেই তারা মসজিদে প্রবেশ করেন এবং পরবর্তী জামাতে অংশ নেওয়ার প্রস্তুতি নেন।
মোনাজাতে মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। রমজানের রোজা ও অন্যান্য এবাদত যেন আল্লাহ কবুল করেন—এই প্রার্থনাও জানানো হয়। একই সঙ্গে মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। অনেক মুসল্লিকে এসময় অশ্রুসিক্ত চোখে দোয়া করতে দেখা যায়।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সময়গুলো হলো: সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা, সকাল ১০টা ৪৫ মিনিট
প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করছেন।
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত রয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।





