মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

অভিনন্দন ব্যানার ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Prime Minister Tarique Rahman
অভিনন্দন ব্যানার ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর/ছবি : পিএমও

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ব্যানারটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি দ্রুত অপসারণ করা হয়।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, সেগুলোও দ্রুত অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবি প্রদর্শিত হতে দেখে তখনও তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে যান। এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক

অতিরিক্ত প্রেস সচিব জানান, উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

রাজধানীতে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে যান চলাচলের গতি বেড়েছে বলে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর যানজট পরিস্থিতি ও যানবাহনের গতি-প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় যানবাহনের গতি এক কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, যা পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।

গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় এখন গড় গতি বেড়ে ঘণ্টায় ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

এদিকে খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ার সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলে বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা গেছে।

আরও পড়ুন