শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

“অনলাইনে টিকিট কিনতে চেষ্টা ৩৭ লাখ মানুষের, রেলের সক্ষমতা অনুযায়ী বিক্রি প্রায় ৩৬ হাজার”

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - railway
ছবি সংগৃহীত

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে যখন নানা ধরনের টানাপোড়েন চলছে, তখন বাংলাদেশের জন্য সুখবর দিলেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, দেশে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দামও বাড়ানো হবে না।

শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রা উপলক্ষে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এ নিয়ে যাত্রী বা পরিবহন সংশ্লিষ্টদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। জ্বালানিমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে তেলের দাম বাড়ানো হবে না। ফলে গণপরিবহনের ভাড়া বাড়ারও কোনো আশঙ্কা নেই।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয় এবং যাত্রীরা অনলাইনে টিকিট কিনেছেন। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, একটি টিকিট বুক করার পর পেমেন্ট সম্পন্ন করার জন্য যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। এ কারণে অনেক সময় টিকিট বুক হয়ে থাকায় অন্যদের কিছুটা অপেক্ষা করতে হয়েছে।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে। মিটারগেজ লাইনে আরও প্রায় ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে প্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশের পাশাপাশি নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।

ঈদযাত্রার সময় কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যাত্রীদের প্রতি তার অনুরোধ— সংকটের সময় ধৈর্য ধরতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন