সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

৫৬ জেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি, আবেদন নেওয়া হবে ১ নভেম্বর থেকে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Bangladesh Bank
বাংলাদেশ ব্যাংক/ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান হিসেবে দেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কর্মসূচিটির প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলায় আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

প্রাথমিক পর্যায়ে নির্বাচিত আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলা বাদে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণরা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনা জেলায়। এ জেলায় আবেদন করেছেন ৫ হাজার ৩৫১ জন। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

এ কর্মসূচিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি, যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা অথবা সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির সুবিধা পাবেন না।

বাংলাদেশ ব্যাংক গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নীতিমালা জারি করে। নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে ব্যবসা শুরুর জন্য অর্থায়নের ব্যবস্থা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটাতে চায় বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন