মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬

৩ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - HSC examinees lay siege to Comilla Education Board with three demands.
৩ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের/ছবি: সংগৃহীত

পরীক্ষা স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন কলেজের শতাধিক পরীক্ষার্থী। শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রাকালে পুলিশি বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করে তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন। তাদের দাবি হলো—দেশে চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো শোনেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা পরীক্ষার্থীদের বক্তব্য শুনেছি। যেসব বিষয় আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব দাবি আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নেওয়ার পর সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ দাবিগুলো নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন