
আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন সাধারণ ছুটি থাকবে—এ তথ্য আগেই জানিয়েছিল সরকার।
এবার নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে।
প্রেস সচিব আরও বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা মোট তিন দিনের ছুটি পাবেন।”
সরকারের এই সিদ্ধান্তে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি সহজ হবে বলে আশা করা হচ্ছে।









