
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব।
দেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তবেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।





