সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

‘হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে’: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 'Where is Hasnat- The League is starting to open shops'- Question from Nasiruddin Patwari
‘হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে’: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সারাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের কার্যালয় বা ‘দোকান’ পুনরায় সচল করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া কতদূর— তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রসঙ্গের অবতারণা করেন। পোস্টটিতে তিনি কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লেখেন, “হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

সাম্প্রতিক নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে নাগরিক সমাজের একাংশের মধ্যে যে উদ্বেগ রয়েছে, নাসীরুদ্দীনের এই মন্তব্য সেই চিত্রই ফুটিয়ে তুলেছে বলে মনে করছেন নেটিজেনরা।

এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ’র পক্ষ থেকে এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন