
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা মরণফাঁদে এবার আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই রেঞ্জাধীন বৈদ্ধমারী সংলগ্ন শরকির খাল এলাকায় এই ঘটনাটি ঘটে।
বর্তমানে বন বিভাগ এলাকাটি ঘিরে রেখেছে এবং আজ রোববার (৪ জানুয়ারি) বিশেষজ্ঞদের সহায়তায় বাঘটিকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ ধরার জন্য তারের ফাঁদ পেতেছিল। শনিবার খবর আসে যে, সেই ফাঁদেই একটি বাঘ আটকা পড়েছে। খবর পাওয়ার পরপরই বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বর্তমানে বনের ভেতর খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকা অবস্থায় রয়েছে।
বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষার কথা বিবেচনা করে বন বিভাগ ইতোমধ্যে পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। উৎসুক জনতা যাতে বাঘটির কাছাকাছি গিয়ে পরিস্থিতি জটিল করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য ঢাকা থেকে বন বিভাগের বিশেষ চিকিৎসক দল আনা হচ্ছে।
উদ্ধার প্রক্রিয়ার পরিকল্পনা সম্পর্কে বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করে অচেতন করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে প্রায় আধা ঘণ্টা অচেতন রেখে অত্যন্ত সাবধানে ফাঁদ থেকে মুক্ত করা হবে।
সহকারী বন সংরক্ষক আরও জানিয়েছেন, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ থাকে, তবে সেটিকে লোহার খাঁচায় বন্দি করে প্রাথমিক উদ্ধার কাজ সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে বাঘটির উন্নত চিকিৎসার জন্য খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব ধরণের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।









