সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বামৈ বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বামৈ বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে

​হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বামৈ বাজারে নিত্যদিনের যানজট সাধারণ মানুষের জীবনযাত্রা ও যাতায়াতকে দুর্বিষহ করে তুলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের মূল সড়কে লেগেই থাকা এই যানজট স্থানীয়দের চরম ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, এই যানজটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বাজারের প্রধান সড়কে অবৈধ পার্কিং এবং ব্যাটারিচালিত টমটম ও ইজিবাইকগুলোর এলোমেলো ও বিশৃঙ্খলভাবে অবস্থান। এছাড়াও, রাস্তার ওপর নিয়মবহির্ভূতভাবে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে মূল সড়ক সংকুচিত হয়ে পড়ছে এবং নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

​ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে বামৈ রাস্তার মোড়ে প্রতিনিয়ত অচলাবস্থা তৈরি হচ্ছে। বিশেষ করে, পার্শ্ববর্তী লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী জরুরি রোগী ও অ্যাম্বুলেন্সগুলো এই যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে, যা রোগীদের জীবন রক্ষায় বড় ঝুঁকি তৈরি করছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগামী গুরুত্বপূর্ণ রাস্তার এই দুরবস্থা নিরসনে স্থানীয়রা অবিলম্বে অবৈধ পার্কিং উচ্ছেদ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরেজমিন তদন্ত করে খুব শীঘ্রই যানজট নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​লাখাইবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে বামৈ বাজারকে যানজট মুক্ত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

আরও পড়ুন