রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

হজযাত্রীদের মাতা–পিতার মতো খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Kazi Shah Mofazzal Hossain Kaikobad-Pilgrim
ছবি: সংগৃহীত/কোলাজ রাইজিং কুমিল্লা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মাতা–পিতার মতো খেদমত করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান; তাঁদের সেবা করতে পারা অত্যন্ত সৌভাগ্য ও মর্যাদার বিষয়।

আজ রোববার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

হজ ব্যবস্থাপনায় শৈথিল্য বা উদাসীনতা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস জয় নিয়ে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিক থাকতে হবে।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি—উভয় পর্যায়ে সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, হজের পরিচালক মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

আরও পড়ুন