সোমবার ২ নভেম্বর, ২০২৬

সারাদেশে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চার দিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক ভোগান্তিতে পড়তে পারেন।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে হবে। ফলে নির্ধারিত সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে। বিশেষ করে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকেরা এ পরিস্থিতির প্রভাব অনুভব করতে পারেন।

এ অবস্থায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন