মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ তাহের ও চিফ হুইপ নাহিদ ইসলাম

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডা. শফিকুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও নাহিদ ইসলাম/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের নির্বাচিত এমপিরা।

বৈঠকে অংশ নেওয়া পটুয়াখালী থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, নাহিদ বিরোধী দলীয় চিফ হুইফ, জামায়াত আমির বিরোধী দলীয় নেতা ও নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা হয়েছেন এমন সিদ্ধান্ত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি ২১২টি আসনে জয় লাভ করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে শক্ত অবস্থান তৈরি করে।

আরও পড়ুন