সোমবার ৬ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আজ মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ এপ্রিল ২০২৬ তারিখে তফসিল প্রকাশ করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। এই নির্বাচনের বিস্তারিত শিডিউল পরবর্তীতে জানানো হবে।”

জোটগত নির্বাচনের বিষয়ে আখতার আহমেদ জানান, ছয়জন স্বতন্ত্র প্রার্থী জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। বিএনপির সঙ্গে রয়েছে জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং আন্দালিব রহমান পার্থের দল। অন্যদিকে জামায়াতের সঙ্গে রয়েছে এনসিপি এবং খেলাফত আন্দোলন।

তিনি আরও বলেন, “রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রয়েছে। এছাড়া বগুড়া-৬ আসনটি তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে আইনি জটিলতার কারণে এখনো ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বর্তমানে সংসদে বিএনপির রয়েছে ২০৮ জন প্রতিনিধি, এনসিপির ৬ জন এবং জামায়াতের ৬৮ জন সদস্য। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ১টি আসন এবং গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যা ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেটিই সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণে ব্যবহৃত হয়।

আরও পড়ুন