রবিবার ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়া

রাইজিং ক্যাম্পাস

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া/ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে আশার কথা জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ইতোমধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। খুব দ্রুত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে।

শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক—এটাই তাদের প্রত্যাশা। এ লক্ষ্যে ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে একটি হিসাব তুলে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে নতুন করে আরেকটি হিসাব তুলে দেওয়া হবে।

জাতীয়করণে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বেড়েছে উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, ২০২৫ সালের হিসাব অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন ছিল। বর্তমানে প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেই অর্থের পরিমাণ বেড়ে প্রায় ৭০০ কোটি টাকা হয়েছে।

তিনি বলেন, ‘এটার রিপোর্ট আগামীকাল প্রধানমন্ত্রীকে দেব। যেন খুব দ্রুত সময়ের মধ্যে দেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা তিনি পূরণ করেন।’

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় শিক্ষকরা অনুষ্ঠান করবেন জানিয়ে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেন, এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, এই সরকার শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে।’

দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন