
২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে র্যালিপূর্ব সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ইলিয়াস বিন হাসেম এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন।










