রবিবার ২১ জুন, ২০২৬

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hasnat Abdullah
হাসনাত আব্দুল্লাহ/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করেন বলে জানা গেছে।

মামলায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এনসিপি ইউকে অ্যালায়েন্স।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এ বিষয়টি দেখছে।”

এনসিপি ইউকে অ্যালায়েন্সের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আব্দুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে দাবি করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও জননিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি দলটি অভিযোগ করেছে, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

আরও পড়ুন