
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল মালেক (৫০) নামে এক কৃষকদল নেতার মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের রমজান আলীর ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মান্দারী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবদুল মালেক। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।











