
লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসুবাজার এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমু আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার হাসন্দি এলাকার খায়ের উল্যাহর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিমু আক্তার কালিবাজার এলাকা থেকে বাবার বাড়ি বাসুবাজারের উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হন। অটোরিকশাটি বাসুবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিমু আক্তারসহ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমু আক্তারকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিমু আক্তারের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) ঝলক হেমন্ত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








