বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mirza Fakhrul Islam Alamgir
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেন।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবারই নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী।

সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন।

দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে মির্জা ফখরুলের ভূমিকা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুন