
সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দল কাকে মনোনয়ন দেবে, সে বিষয়ে যথাসময়ে বিএনপি সিদ্ধান্ত নেবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, জনগণের সমর্থন ও ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে এবং একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।
বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সে ধরনের। বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।
এ সময় তিনি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ তুলে বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।









