
রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হচ্ছে।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। একই সময়ে ব্যাংক অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন চালু রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একই সময়সূচি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এখানেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আদালতের কার্যক্রম রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আদালতের অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।








