
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। এসবের বিরুদ্ধে সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকেও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চলতি বছর থেকেই স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করতে চায়। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “এবারের বাজেট শুধু টাকার বাজেট নয়, এটি আদর্শের বাজেট। দুর্নীতিমুক্তভাবে প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে।
তিনি জানান, মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে। স্থান চূড়ান্ত হওয়ার পর দ্রুত নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় বাংলাদেশে নির্মাণাধীন ১৮টি অত্যাধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।










