
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।
তিনি জানান, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন আমদানির তুলনায় বেশি হওয়ায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আজ দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
আমিন উর রশীদ ইয়াছিন জানান, বিদেশ থেকে আমদানিকৃত চাল উপকারভোগীদের মাঝে বিতরণের আগে অবশ্যই গুণগত মান যাচাই-বাছাই করা হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








