
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ জুন থেকে উত্তরা ও মতিঝিল উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বৃদ্ধি করা হচ্ছে।
বুধবার (৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
ডিএমটিসিএল সূত্র জানায়, অতিরিক্ত সময়ের জন্য নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সময়সূচির ধারাবাহিকতায় ২০ মিনিটের হেডওয়ে বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
বুধবার রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে আগামী ৭ জুন থেকে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক যাত্রী জানান, অফিস শেষে প্রায়ই শেষ ট্রেন ধরতে হুড়োহুড়ি করতে হয়। অনেক সময় ট্রেন মিসও হয়ে যায়। শেষ ট্রেনের সময় বাড়ানো হলে যাত্রীদের জন্য তা বেশ সুবিধাজনক হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করলেও পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হয়। পরে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু হয়।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এ নিয়মিত মেট্রোরেল চলাচল করছে। নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এ রুটের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।









