
মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর রাখার দায়ে রাজধানীর পুরান ঢাকার জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে জান্নাত ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুর রহমান।
এছাড়াও, দুটি সেমাই কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, কোল্ড স্টোরেজে পচা খেজুর পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছেন। আর দুটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পচা সেমাই পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করে দেয়া হবে বলে জানান তিনি।







