রবিবার ২৯ মার্চ, ২০২৬

মেট্রোরেলে বাড়ছে চলাচলের সময়, ট্রিপ সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা

রাইজিং ডেস্ক

মেট্রোরেলে বাড়ছে চলাচলের সময়, ট্রিপ সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা/ছবি: সংগৃহীত

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সময়সূচি আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী, মেট্রোরেল সকালে আধঘণ্টা আগে এবং রাতে আধঘণ্টা বেশি সময় ধরে চলবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে যে, আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝিতেই মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ সংখ্যা বাড়লে দুই ট্রেনের মধ্যে অপেক্ষার বিরতি অন্তত দুই মিনিট কমে আসবে।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)। আর সবশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় (আগে ছিল রাত ৯টা)।

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল সকাল সাড়ে ৭টা), আর সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত ৯টা ৪০ মিনিট)।

এছাড়াও, শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন আসছে। বর্তমানে শুক্রবার বেলা ৩টায় মেট্রোরেল চলাচল শুরু হয়, নতুন সূচিতে তা শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার রাতেও চলাচলের সময় আধঘণ্টা বাড়ানো হয়েছে।

ডিএমটিসিএলের সূত্রে জানা গেছে, মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় গত মাসেই। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বাড়তি সময় ট্রেন চালানো হয়েছিল। গত মঙ্গলবার ডিএমটিসিএলের এক বৈঠকে প্রথম ধাপে প্রতিদিন এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা আছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।’

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। ডিএমটিসিএল আশা করছে, নতুন সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।

ট্রিপ সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের অপেক্ষার সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। বর্তমানে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) ট্রেন আসে প্রতি ছয় মিনিট পরপর। কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ার) বিরতি ৮ মিনিট এবং খুব কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিট। আগামী মাসে এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে মেট্রোরেল দিনে ২৩৮টি ট্রিপ সম্পন্ন করে। সময়ের ব্যবধান কমে গেলে ট্রিপ সংখ্যা আরও বাড়বে, ফলে যাত্রীদের অপেক্ষার সময়ও কমবে।

বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলাচল করে। নতুন সময় ও ট্রিপ বাড়লে তা বাড়িয়ে ১৯ সেট করা হবে।

মেট্রোরেলের নিয়মিত যাত্রী এবং ট্রাভেল এজেন্সি কর্মকর্তা আরশাদুল হক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘যানজটে ভরা ঢাকায় মেট্রোরেল এখন সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন। তাই এর সময় ও ট্রিপ বাড়ানো হলে তা নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় সুবিধা হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

আরও পড়ুন