
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এমপি মো. মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে একজন ‘সব্যসাচী, সজ্জন ও প্রাজ্ঞ রাজনীতিবিদ’ হিসেবে উল্লেখ করে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করেন।
পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময়ে মির্জা ফখরুল নিষ্ঠা, প্রজ্ঞা ও সাহসের সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার মতে, মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নের সিদ্ধান্তকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন মনিরুল হক চৌধুরী।
তিনি আরও বলেন, ‘বন্ধু হিসেবে আজ আমি গর্বিত, আনন্দিত এবং আবেগাপ্লুত। আপনার এই অর্জন শুধু আপনার একার নয়, আপনার দীর্ঘ পথচলার সঙ্গে যারা ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ছিলেন, তাদের সবার জন্যও এটি আনন্দের মুহূর্ত।’
পোস্টের শেষাংশে মির্জা ফখরুলের সুস্থতা, দীর্ঘায়ু ও প্রজ্ঞা কামনা করে মো. মনিরুল হক চৌধুরী বলেন, দেশের মানুষের কল্যাণে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আরও বেশি কাজে লাগবে, এটাই তার প্রত্যাশা।










