শনিবার ৩১ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Govt
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ নেওয়া যাবে না। কর্মীদেরও নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মেডিকেল পরীক্ষার বিষয়ে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে, কর্মীদের হয়রানি করলে কিংবা কোনো ধরনের তালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায় পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। একই সঙ্গে মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আরও পড়ুন