রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায়: শেখ হাসিনা

রাইজিং ডেস্ক

People don't want hartal, they want to vote said Sheikh Hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে, মানুষ নির্বাচনের পক্ষে। মানুষতো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তারপরেও কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন।

মানুষ মেরে ভীতি সৃষ্টি করে তারা কি করতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, লন্ডনে বসে একজন হুকুম দেয়, আর তার লোকজন দেশে আগুন দেয়। এসব করে কিছুই হবে না। তারা কোন দিন সফল হবে না। এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে দাবায়ে রাখতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

আওয়ামী লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ উন্নত হবে। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান।

আরও পড়ুন