
সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম এবং হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) হাসপাতাল পরিদর্শনে এসে তাঁরা বিভিন্ন সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালে পৌঁছালে সম্মানিত দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাতসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।
পরিদর্শনের অংশ হিসেবে অতিথিবৃন্দ হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, আইএমসিআই ও পুষ্টি কর্নার, এএনসি ও পিএনসি কর্নার, স্টোররুম, ইপিআই কর্নার এবং রান্নাঘরসহ সকল বিভাগ ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁরা সরাসরি বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পাশাপাশি, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আরও উন্নত করা এবং সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।








