মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬

ভোটের দিন ট্রাক-মাইক্রোবাসসহ চার যান বন্ধ, মোটরসাইকেল চলবে না ৩ দিন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bangladesh's 13th National Parliament Elections
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের দিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিবসের আগের দিন মধ্যরাত, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে এই বিধিনিষেধ আংশিকভাবে শিথিল থাকবে। যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, সেগুলো হলো—

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন

  • নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি

  • জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন, যেমন—ওষুধ পরিবহন, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কাজ

  • বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা তাদের আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)

  • দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন

  • প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস)

  • টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন

নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল রাখা যাবে।

এ ছাড়া, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে কিছু যানবাহনের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ কিংবা শিথিল করার ক্ষমতা পাবেন।

আরও পড়ুন