মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের টানে বাড়ি ফিরছেন মানুষ, উপচে পড়া ভিড় বাস-রেল স্টেশনে

রাইজিং কুমিল্লা ডেস্ক

বাড়ি ফিরছেন মানুষ | ছবি: রাইজিং কুমিল্লা/তানভীর আল আরবী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা। এতে রাজধানীজুড়ে ঈদের ছুটির মতো চিত্র তৈরি হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন কম গতিতে চলাচল করছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতির যান চলাচল দেখা যাচ্ছে এবং কলেজগেট ও গাজীপুর এলাকায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে।

বাস সংকটকে সুযোগ করে পরিবহন শ্রমিকরা কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করায় সাধারণ যাত্রীরা অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি, আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলোও স্বাভাবিক রুট ছাড়িয়ে অতিরিক্ত ট্রিপ চালানোর অভিযোগ পাওয়া গেছে, যা সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস থাকলেও অনেক মানুষ আগেভাগেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো ভিড় দেখা যাচ্ছে এবং আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

এছাড়া, কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন।

অনেক যাত্রী জানিয়েছেন, কয়েক বছর পর ভোট দেওয়ার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাওয়ায় এই বাড়তি দুর্ভোগও তারা সহ্য করতে প্রস্তুত।

আরও পড়ুন