বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

রাইজিং কুমিল্লা ডেস্ক

সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান/ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৪ মিনিটে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র ভোট প্রদান করেন।

ভোটদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজকে আমাদের জাতির জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। অত্যন্ত আনন্দের দিন। গত দেড় বছর ধরে আমরা এ দিনের অপেক্ষায় ছিলাম।”

তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আজকে সেই নির্বাচন হচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।”

সেনাপ্রধান জানান, সকাল থেকে তিনি সারা দেশের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। তার কাছে আসা তথ্য অনুযায়ী, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।

সম্মানিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, নির্ভয়ে আপনারা বাসা থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যাবেন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

গণমাধ্যমের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, “আপনাদের তথ্য ও সংবাদের মাধ্যমে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা ভোট দিতে উৎসাহী হচ্ছে।”

আরও পড়ুন