
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে তারা বাড়ি ফিরে যেতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
ভোটকেন্দ্র দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা-বাবার দোয়া নিয়ে, সন্তান-স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে আসবেন—এটা হবে আপনাদের আখেরি দিন। তিনি আরও বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করা হবে।
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। তাঁর দাবি, ভারত চায় না তরুণ প্রজন্ম জিতুক, ব্যবসায়ী কুলাঙ্গাররা চায় না তরুণরা জিতুক, মিডিয়া মাফিয়ারা চায় না এই তরুণ প্রজন্ম জিতুক। অতীতের বস্তাপচা রাজনীতিবিদ, চাঁদাবাজ ও টেন্ডারবাজরাও তরুণদের জয়ের বিপক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মৃত ব্যক্তিদের নামেও ভোট দেওয়া হয়েছে এবং তিনি ‘আই-ডামি’ নির্বাচন পরিচালনার অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এসপি-ডিসি থেকে শুরু করে ওসি-কনস্টেবল পর্যন্ত এসব কার্যক্রমের সাক্ষী ছিলেন। তিনি বলেন, প্রশাসনের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনগণের নির্বাচন আয়োজন করতে হবে; জনগণই প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করবে।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খাঁন। প্রধান আলোচক ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজসহ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতারা।
এদিন প্রধান অতিথি মওলানা রফিকুল ইসলাম খাঁনের হাত ধরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন।










