শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হলফনামায় বিয়েতে ২৮ ভরি স্বর্ণ উপহার দেখালেন জামায়াত প্রার্থী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Jamaat candidate for Brahmanbaria-4 constituency Md. Ataur Rahman Sarkar
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকার/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৯ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার নিজের সম্পদের বিবরণে ২৮ ভরি স্বর্ণের মালিকানা উল্লেখ করেছেন। হলফনামায় তিনি জানান, এসব স্বর্ণ তিনি বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন।

হলফনামা অনুযায়ী, মো. আতাউর রহমান সরকার জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ৬ জুলাই। তার স্ত্রীর নাম ফারহানা সুমাইয়া শবনম। তিনি এক কন্যা সন্তানের জনক।

পেশাগত জীবনের বিবরণে আতাউর রহমান সরকার তার পূর্বের পেশা হিসেবে সাংবাদিকতার কথা উল্লেখ করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন বলে হলফনামায় জানান। শিক্ষকতা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও ১ লাখ ৭০ হাজার টাকা আয় করেন।

স্নাতকোত্তর ডিগ্রিধারী এই প্রার্থী তার নির্বাচনী ব্যয় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নেওয়া ঋণ এবং স্বেচ্ছা প্রদত্ত অর্থের মাধ্যমে নির্বাহ করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

সম্পদের বিবরণে আরও বলা হয়েছে, পৈতৃক সূত্রে তার ৫১ শতাংশ কৃষিজমি রয়েছে। পাশাপাশি তিনি একটি বাড়ি নির্মাণাধীন অবস্থায় রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

আরও পড়ুন